ওঙ্কার ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক অধিকর্তার পদ ছাড়ার পর বিস্ফোরক অভিযোগ তুললেন সাইমা ওয়াজেদ পুতুল। তাঁর দাবি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে হওয়ার কারণেই তাঁকে রাজনৈতিক ভাবে নিশানা করা হয়েছে। বুধবার ওই পদ থেকে ইস্তফা দেন সাইমা। তার ঠিক এক দিন আগে, ৮ সেপ্টেম্বর, তাঁকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিল হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটি। এরপরই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান জানান হাসিনা-কন্যা।
সাইমার দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা পদক্ষেপের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। হাসিনার সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরেই তাঁর উপর চাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর মহাপরিচালক টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন সাইমা। তাঁর প্রশ্ন, হু প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর তাঁকে কেন ছুটিতে পাঠানো হয়নি? অথচ তাঁকেই অনির্দিষ্ট সময়ের জন্য বেতনহীন ছুটিতে রাখা হয়েছিল। এই বৈষম্য নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। ইস্তফাপত্রেও হু নেতৃত্বের উপর আস্থা হারানোর কথা জানিয়েছিলেন সাইমা।
২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি সাইমার বিরুদ্ধেও তদন্তের উদ্যোগ নেওয়া হয়। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনও সাইমার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে। এর পর ২০২৫ সালের জুলাইয়ে তাঁকে বেতনহীন প্রশাসনিক ছুটিতে পাঠায় হু।