ওঙ্কার ডেস্ক: নীরবতা ভেঙে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বেজিং এর তরফে জানানো হয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন। নয়াদিল্লিতে চলতি সপ্তাহের শেষে আন্তর্জাতিক এই সম্মেলনটি আয়োজিত হতে চলেছে। ২০১৯ সালের পর এটিই হবে শি-র প্রথম ভারত সফর। ২০২০ সালের জুনে গালওয়ান সংঘাতের পর চিনা প্রেসিডেন্টের এই সফরের দিকে তাই নজর রয়েছে কূটনৈতিক মহলের।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন জানান, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ১২ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে চলা ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন।’ এর আগে সাংবাদিক সম্মেলনে তাঁর কাছে যখন জানতে চাওয়া হয়েছিল, চিনা প্রেসিডেন্ট ভারত সফর করবেন কিনা, তখন গুও বলেছিলেন: ‘এই বিষয়ে বলার মত কোনও তথ্য আমার কাছে নেই।’ দিল্লিতে চিনা প্রেসিডেন্টের সঙ্গে মোদীর কোনও বৈঠক হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি উভয় পক্ষ থেকে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন ২০২৫ সালের আগস্টে। চিনের তিয়ানজিনে, এসসিও সম্মেলনের ফাঁকে সেই বৈঠক হয়েছিল। সেখানে তাঁরা বিশ্ববাণিজ্যকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে নিজেদের অর্থনীতির ভূমিকা নিয়ে আলোচনা করেছিলেন।
তিয়ানজিনের সেই বৈঠকটি ছিল গালওয়ান সংঘাতের পর দুই রাষ্ট্র নেতার দ্বিতীয় বৈঠক। এর আগে ২০২৪ সালে রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রথম বৈঠক হয়েছিল মোদী-জিনপিং এর মধ্যে।৪৫ বছরের মধ্যে প্রথমবার গালওয়ান সংঘাতে ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’ বা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছিল।