তোলাবাজি ও প্রতারণার অভিযোগ। পুলিশের জালে তৃণমূলের আরও এক নেতা। সূত্রের খবর, এবার দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্টকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে পাকড়াও করা হয়েছে বরুন ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত আরও দুই সাগরেদকে। ধৃতরা হলেন, নয়নাশিস দাস ওরফে জনি এবং সুমন্ত ঘোষ ওরফে লাল্টু। আজ, শুক্রবার ধৃতদের ব্যারাকপুর আদালতে হাজির করা হবে বলে খবর সূত্রের।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার তোলাবাজি ও প্রতারণার অভিযোগ তুলে দমদম থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রোমোটার সুজয় মজুমদার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় বরুণ নট্ট-সহ ওই তিনজনকে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
সূত্রের খবর, আজ ধৃতদের আদালতে তুলে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান হবে। পাশাপাশি তোলাবাজির ঘটনার সঙ্গে বরুণেরা সরাসরি আছে কিনা, তাও তদন্ত করে দেখবে পুলিশ। বলে রাখা ভালো, তৃণমূল ধরাশায়ী হওয়ার পর থেকে তোলাবাজি, প্রতারণা ও হুমকির অভিযোগে এখনও পর্যন্ত বহু নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাদ পড়েনি তৃণমূলের প্রথম সারির নেতারাও।