ওঙ্কার ডেস্ক: সপ্তাহ শেষে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। এই উপলক্ষে রাজধানীতে যান চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। বিশ্ব নেতাদের স্বাগত জানাতে নয়াদিল্লির রাস্তা জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার টাঙানো হয়েছে অজস্র।
১১ সদস্যের এই জোটের বৈঠকে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন। এই বৈঠকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে এবং বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও ছয় বছর পর ভারত সফরে এসেছেন। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং একাধিক চিনা সৈন্য নিহত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে শিথিলতা দেখা গিয়েছিল। দুই দিনব্যাপী এই বৈঠকের ফাঁকে শি জিনপিংয়েরও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে সম্পর্ক সম্প্রতি আবার উষ্ণ হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা। দুই রাষ্ট্রনেতার বৈঠকে বিমান চলাচল, ভিসা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য একটি মঞ্চ হিসেবে ২০০৯ সালে ব্রিকস গঠিত হয়। এরপর থেকে এটি সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রসারিত হয়েছে। বর্তমানে এই জোটে ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি যুক্ত হয়েছে। এই তিন দেশই ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের শুরু করা যুদ্ধ প্রসঙ্গে ভিন্ন অবস্থান নিয়েছে। ব্রিকস-এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, চিন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি।