ওঙ্কার ডেস্ক: টানা বৃষ্টির মধ্যেই কলকাতায় বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে জোড়াবাগানে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির অংশ। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ঊর্মিলা সাউ। দুর্ঘটনাটি ঘটে ব্রজদুলাল স্ট্রিটে। বাড়িটি প্রায় ২০০ বছরের পুরনো বলে দাবি স্থানীয়দের।
মঙ্গলবার ভোর প্রায় ৪টে নাগাদ আচমকাই বাড়িটির একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় বাইরে বেরোচ্ছিলেন ঊর্মিলা। আচমকা ধ্বংসস্তূপ তাঁর উপর পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা দেখেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন ওই মহিলা। বাড়ির পিছনের অংশে আটকে পড়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার সময় বাড়িতে মোট ১৯ জন ছিলেন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। সরু গলি এবং সংকীর্ণ গেট দিয়ে একে একে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনা হয়। প্রাথমিকভাবে ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ঊর্মিলার স্বামী এবং দুই সন্তানও রয়েছেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ।
স্থানীয় সূত্রে দাবি, বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। বাড়িটি পরিত্যক্ত বলেও জানানো হয়েছিল। তবু সেখানে বসবাস করছিল কয়েকটি পরিবার। এর আগেও বাড়িটির কিছু অংশ ভেঙে পড়েছিল। পরে সাময়িকভাবে মেরামত করা হয়।
বাড়ির মালিক এবং ভাড়াটেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল বলে স্থায়ী সংস্কার সম্ভব হয়নি। গত দু’দিনের টানা বৃষ্টিতে বাড়িটির জরাজীর্ণ অংশ আরও দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে সেটিই ধসে পড়ে।