অর্পিতা মুখার্জী, কলকাতা: বই বিক্রি করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে কলেজ স্ট্রিটে অবরোধ বিক্ষোভ শুরু করলেন এসএফআই-এর সদস্যেরা। পুলিশের বারবার অনুরোধের পরও মঙ্গলবার বেলা প্রায় ১২টা পর্যন্ত রাস্তা ছাড়েননি পড়ুয়ারা। শেষ পর্যন্ত বেলা সাড়ে ১২টা নাগাদ পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। আটক করা হয় উপস্থিত এসএফআই সদস্যদের।
ঘটনার শুরু সোমবার সন্ধ্যায়। এসএফআই সদস্যদের দাবি, নভেম্বর মাসে তাঁরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্থায়ী দোকান করে নানা ধরনের বই বিক্রি করেন। গত চার বছর ধরেই এটা হয়ে আসছে। কোনও সমস্যা হয়নি। এবারও সেই মতো প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। কিন্তু সোমবার সন্ধ্যায় স্টল তৈরি করতে গেলেই বাধা দেয় পুলিশ। জানিয়ে দেওয়া হয়, স্টল তৈরির অনুমতি নেই।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের দাবি, ‘সংগ্রামী বইপত্র’ নামে এই কর্মসূচি তাঁরা গত পাঁচ বছর ধরে চালাচ্ছেন। সাধারণ পড়ুয়ারাই এই কর্মসূচি পালন করেন। এবার সেই বুক স্টল করতেই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সংগঠনের এক ছাত্রের কথায়, “আমরা তো শুধু বই বিক্রি করতে চেয়েছিলাম। তার পরও এত পুলিশি দমনপীড়ন কেন, বুঝতে পারছি না।”
পড়ুয়াদের দাবি, প্রয়োজনীয় অনুমতি নিয়েই তাঁরা স্টল করতে চেয়েছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎই পুলিশ এসে জানায়, ফুটপাত আটকে বইয়ের দোকান করা যাবে না।
এসএফআই-এর দাবি, এবারের কর্মসূচির জন্য জোড়াসাঁকো থানা এবং কলকাতা পুরসভার অনুমতি নেওয়া ছিল। প্রয়োজনীয় করও দেওয়া হয়ে গিয়েছিল। গত চার বছর যেভাবে কর্মসূচি হয়েছে, এবারও সেভাবেই হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় লালবাজার হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসে, এই বই বিক্রি বন্ধ করতে হবে।
এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “সব কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ পরিকল্পিতভাবে স্টল করতে বাধা দিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকেই দু’টি প্রিজন ভ্যান এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কলেজ স্ট্রিটে এত বড় বাহিনী নেমেছে শুধু বই আটকানোর জন্য।” তাঁর ঘোষণা, তাঁরা ট্রাম রাস্তার উপর বই পেতে বই বিক্রি করবেন। এটাই প্রতিবাদ। যাঁরা আসতে চান, তাঁরা যেন সেখানে এসে বই সংগ্রহ করেন।
আগামী চার দিনের জন্য এই বইয়ের দোকান করার পরিকল্পনা ছিল এসএফআই-এর। মঙ্গলবার দুপুর প্রায় সওয়া ১২টা পর্যন্ত কলেজ স্ট্রিটের রাস্তা দখল করে রাখেন বামপন্থী পড়ুয়ারা। ঘন ঘন স্লোগান ওঠে, ‘বইকে এত ভয় কেন / পুলিশ তুমি জবাব দাও’। ছাত্রনেতারা পুলিশের বাড়ির ছোটদের জন্য বই কিনে নিয়ে যাওয়ার আহ্বানও জানান। পাশাপাশি মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। পুলিশের তরফে মাইকে বারবার অবরোধ তুলে নেওয়ার ঘোষণা করা হয়। পুলিশের দাবি, বইয়ের স্টল করার কোনও অনুমতি ছিল না।