ওঙ্কার ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তিন আইপিএস আধিকারিকে সাসপেন্ড করেছিল নয়া বিজেপি সরকার। সেই সাসপেনশনের মেয়াদ আরও চার মাস অর্থাৎ ১২০ দিন বাড়িয়ে দিল রাজ্য সরকার। তিন শীর্ষ পর্যায়ের পুলিশ কর্তার ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখার জন্য আরও সময় প্রয়োজন। আর সে কারণে এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।
তৃণমূল জমানায় অর্থাৎ ২০২৪ সালের ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। ২০২৬ সালে রাজ্যে পালাবদলের পর নয়া বিজেপি সরকার দায়িত্ব পাওয়ার পরেই তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছিল। নতুন করে খোলা হয় সেই আমলার ফাইল। আরজি কর কাণ্ড যখন হয় সেই সময়ে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়ল। ডেপুটি কমিশনার ছিলেন অভিষেক গুপ্ত (ডিসি নর্থ) এবং ইন্দিরা মুখোপাধ্যায় (ডিসি সেন্ট্রাল)। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছিল। তিন জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এই আবহে তাঁদের সাসপেনশনের মেয়াদ বাড়ানো হল। উল্লেখ্য, আরজি করের ঘটনায় আদালতের নির্দেশে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে তিন আইপিএস বিনীত, ইন্দিরা এবং অভিষেককে ডেকে পাঠিয়েছিলেন গোয়েন্দারা। গত জুন মাসেই সিবিআই দফতরে হাজিরা দেন তাঁরা। তিন জনের বয়ান রেকর্ড করেছে সিবিআই।
প্রসঙ্গত, দু বছর আগে আরজি কর কাণ্ডের পর গোটা রাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। জনমানসের সেই ক্ষোভ ভোটবাক্সে পড়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ক্ষমতায়াসার আগে থেকেইবিজেপি এই ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী নতুন সরকার গঠনের পর এই কাণ্ডের তদন্তে তৎপরতা বাড়ে।