ওঙ্কার ডেস্ক: আগামী রবিবার অর্থাৎ ২৪ আগস্ট আংশিক সময়ের জন্য বন্ধ থাকবে কলকাতার দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। এদিন সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে মহানগরের এই গুরুত্বপূর্ণ সেতু। মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সেতুর স্টে ও বেয়ারিং মেরামতির কাজ হবে ওই দিন। আর সে কারণেই একদিনের জন্য সেতুতে যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সেতু বন্ধ থাকবে যখন, সে সময় সমস্ত যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। এজেসি বোস রোড থেকে যে সমস্ত গাড়ি অ্যাডোব সেগুলিকে হেস্টিংস ক্রসিং হয়ে জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজের মাধ্যমে যেতে হবে।
আবার সিজিআর রোড যারা ব্যবহার করবেন, তাদেরকে হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেপি রোড ব্যবহারকারীরা, যাদের সেতু দিয়ে যাওয়া প্রয়োজন, তারা বিকল্প রুট হিসেবে ১১ ফার্লং গেট হয়ে কেপি রোড – রেড রোড – হাওড়া ব্রিজ হয়ে যেতে পারবেন। যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনে পুলিশ অন্যান্য আর্টিরিয়াল রোড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষ যাতে এই নির্দেশ মেনে চলেন সে জন্য কলকাতা পুলিশের তরফে এ ব্যাপারে সমাজ মাধ্যমেও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মেরামতির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই রুট পরিবর্তন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
