ওঙ্কার ডেস্ক: রাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন বৃদ্ধ দম্পতি। হঠাৎই বাড়ির পুরনো দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো দু’জনের বৃদ্ধের। মৃতদের নাম শিবপ্রসাদ মণ্ডল (৭৫) ও তাঁর স্ত্রী রেনুকা মণ্ডল (৬৫)। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যান শিবপ্রসাদ ও রেনুকা। পাশের ঘরে ছিলেন তাঁদের ছেলে রাজু মণ্ডল ও পুত্রবধূ। রাত গভীরে আচমকাই বাড়ির একটি পুরনো ও দুর্বল দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁদের শোয়ার ঘরে। কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তুপে চাপা পড়েন ওই দম্পতি।
বৃহস্পতিবার সকালে শিবপ্রসাদের পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখতে পান দেওয়াল ভেঙে পড়েছে। ছুটে যান ঘরের ভেতরে। ততক্ষণে সব শেষ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় প্রতিবেশী ও স্থানীয় থানায়। তাঁদের সাহায্যে ভাঙা দেওয়ালের নিচ থেকে দু’জনের নিথর দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে পাঠানো হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে, যেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির ওই অংশটি বহুদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় ছিল। সম্প্রতি টানা বৃষ্টির ফলে দেওয়ালের ভিত আরও দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বাড়ির ছেলেও জানিয়েছেন, “আমরা গভীর ঘুমে ছিলাম। কিছু টের পাইনি। সকালে উঠে দেখি চরম বিপর্যয়। মা-বাবাকে এভাবে হারাব, কল্পনাও করিনি।”
