ওঙ্কার ডেস্কঃ নোবেল শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প! যুদ্ধ থামিয়ে একাধিক বার শান্তি নোবেল তাঁর প্রাপ্য বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু নোবেল প্রাপ্তি হয়নি। অবশেষে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নিজের নোবেল পুরস্কার তুলে দিলেন ট্রাম্পের হাতে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করে ওই পুরস্কার দেন তিনি।
সূত্রের খবর, বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন মাচাদো। মাচাদোর সঙ্গে বৈঠকের পর একটি পোস্ট করেছেন ট্রাম্প। মাচাদোর প্রশংসা করে তিনি লিখেছেন, “উনি দারুণ এক জন মহিলা। আমার কাজের জন্য মারিয়া ওঁর নোবেল শান্তি পুরস্কার আমাকে দিয়ে দিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার একটা দারুণ নজির এটা। ধন্যবাদ মারিয়া।”
ঠিক কী কারণে নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে দিয়ে দিলেন মাচাদো, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ভেনেজুয়েলায় ‘স্বাধীনতা’ ফেরানোর বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখার জন্য তিনি ওই পুরস্কার ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্ত নেন। নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে গিয়েছে আমেরিকার সেনা। কট্টর মাদুরো-বিরোধী হিসাবে পরিচিত মাচাদো ওই ঘটনাকেও দেশে স্বাধীনতা প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন।
প্রসঙ্গত, আট মাসে আট বার যুদ্ধ থামিয়েছেন বলে একাধিক বার দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রতিটি যুদ্ধ থামানোর জন্য একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল বলে দাবি করেছিলেন ট্রাম্প। বারাক ওবামার নোবেল-প্রাপ্তি নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, ‘‘উনি কিছুই করেননি।’’
