ওঙ্কার ডেস্ক : আল-কায়েদার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন মারাত্মক অভিযোগে পুনেতে গ্রেফতার হলেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই সপ্তাহের শুরুতে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) তাঁকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির নাম জুবের হাঙ্গারগেকর। অভিযোগ, তিনি আল-কায়েদা সন্ত্রাসবাদী নেট ওয়ার্কের প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের বক্তৃতা নিজের সংগ্রহে রেখেছিলেন। সূত্র মারফত জানা গেছে, সোমবার তাঁকে গ্রেফতারের পর মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াড যে সমস্ত জিনিসপত্র উদ্ধার করেছে তার মধ্যে লাদেনের একটি বক্তৃতার উর্দু অনুবাদও ছিল।
হাঙ্গারগেকরের কাছ থেকে AK-47 রাইফেল ব্যবহার এবং বোমা তৈরির ছবিও বাজেয়াপ্ত করা হয়েছে। তরুণদের কট্টরপন্থী করে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত মাস থেকে এটিএসের নজরদারিতে থাকা হাঙ্গারগেকরকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ধারায় কোন্ধোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ইউএপিএ আদালত তাকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
পুলিশ আদালতকে জানিয়েছে, হাঙ্গারগেকরের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার এবং মহারাষ্ট্র এবং অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। জানা গেছে, মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা হাঙ্গারগেকর একজন সুশিক্ষিত এবং সফ্টওয়্যার পরীক্ষা এবং ডাটাবেস উন্নয়নে বিশেষজ্ঞ। গ্রেপ্তারের আগে তিনি কল্যাণী নগরের একটি সফ্টওয়্যার আইটি কোম্পানিতে কাজ করতেন। ভালো বেতনও পেতেন।
কয়েকদিন আগে সন্ত্রাসবাদে অর্থায়নের মামলার অংশ হিসেবে এটিএস কোন্ধোয়া এলাকার ২৫-২৬টি স্থানে বড় আকারের অভিযান চালায়। অভিযানের সময় উদ্ধার হওয়া উপকরণ পরীক্ষা করার পর হাঙ্গারকারের ভূমিকা নিয়ে কিছু সন্দেহ দেখা দেয়। তারপরই হাঙ্গারগেকর উপর নজর রাখতে শুরু করে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড। এই নেটওয়ার্কের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এ বিষয়ে উদ্ধার করা ডিজিটাল প্রমাণ এবং নথি পরীক্ষা করে দেখা হচ্ছে।
