নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: দীপাবলির মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় উপহার কেন্দ্রের। ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। এর ফলে মূল বেতনের সঙ্গে ডিএ বেড়ে হল ৬৩ শতাংশ।
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই বর্ধিত ডিএ কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে। এতে উপকৃত হবেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী। পেনশনভোগীদের ক্ষেত্রে ডিআর (ডিয়ারনেস রিলিফ) একই হারে বাড়বে।
এর আগে চলতি বছরের এপ্রিলে ২ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র, তখন ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছিল। এবার তা আরও ৩ শতাংশ বেড়ে ৬৩ শতাংশে পৌঁছল। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের জেরে সরকারের কোষাগারে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ১০,০১৬ কোটি টাকা।