সল্টলেক: ইডি দফতরে হাজিরা দিতে এসে কলকাতা পুলিশের হাতে আটক হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন। বুধবার দুর্গাপুজোর পাস বিক্রি দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ইডির কাছে হাজিরা দেন তিনি। ইডি দফতরের বাইরে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। হাজিরা শেষে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাঁকে গাড়িতে তুলে লালবাজারের উদ্দেশে রওনা দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে ইন্দ্রনীলের বিরুদ্ধে। এই অভিযোগে প্রথমে বৌবাজার থানায় এফআইআর দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। পরে সেই মামলার সূত্র ধরেই তদন্ত শুরু করে ইডি। এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে, তল্লাশি হয়েছে তাঁর কসবা ও সিঙ্গুরের বাড়িতে।
এদিকে তদন্ত চলাকালীন আগাম জামিন চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন ইন্দ্রনীল, কিন্তু আবেদন খারিজ হয়ে যায়। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি উঠলে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান। এর মধ্যেই বুধবার ইডির তলবে হাজিরা দিতে আসেন ইন্দ্রনীল, আর সেখান থেকেই তাঁকে আটক করল কলকাতা পুলিশ।