ওঙ্কার ডেস্ক: আর কয়েক দিন পরেই ঢাকে পড়বে কাঠি। গোটা বাংলা জুড়ে সাজো সাজো রব। এই আবহে পুজোর উৎসবের সময় নিজের এলাকায় থাকার জন্য মন্ত্রীদের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
পুজোর আগে নবান্নে শেষ মন্ত্রিসভার বৈঠক ছিল বৃহস্পতিবার। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের এই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কেউ যেন কোনওরকম প্ররোচনায় পা না দেন। কোনওভাবেই যাতে অশান্তি না হয়, সেদিকে সতর্ক নজর রাখতে হবে জনপ্রতিনিধিদের। স্থানীয় নেতৃত্বকেও এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। অসহায় মানুষের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী মন্ত্রীদের বিশেষ করে নির্দেশ দিয়েছেন। নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের সাহায্য করার করতে হবে মন্ত্রীদের।
উল্লেখ্য, উৎসব মুখর বাংলায় মহালয়ার দিন থেকেই পুজোর সূচনা হয়ে যায়। কলকাতার পাশাপাশি জেলাতেও পুজোর জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের সময় বঙ্গে যাতে কোনও রকম অশান্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য মন্ত্রী, বিধায়কদের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, শান্তি-শৃঙ্খলা মেনেই উৎসবে অংশ নিন সবাই। পাশাপাশি দলীয় নেতারা যাতে কোনও বিষয়ে আলপটকা মন্তব্য না করেন, সে বিষয়ে পরামর্শ দেন তিনি।
