ওঙ্কার ডেস্ক: তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তিনি কর্মীদের কথা শুনতে জেলা সফরে বেরবেন। ইতিমধ্যে কালীঘাটে প্রত্যেক জেলা থেকে কর্মীদের তরফে নানা আবেদন এসেছে। পুলিশি অত্যাচারের অভিযোগ সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দলনেত্রীর অফিসে পাঠিয়েছেন তাঁরা।
জোড়াফুল শিবিরের কর্মীদের আর্জি, নেত্রী তাঁদের কাছে আসুন। দলকে ঘুরে দাঁড় করাতে কর্মীদের অবস্থা দেখা অত্যন্ত জরুরি বলে মত তাঁদের। সূত্রের খবর, এই পরিস্থিতিতে চলতি নভেম্বরে জেলা সফরে যেতে পারেন মমতা। তবে দিনক্ষণএখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। উল্লেখ্য, জেলায় জেলায় মিথ্যা মামলায় কর্মীদের জড়িয়ে দেওয়ার অভিযোগে বারবার সরব হয়েছে মমতা শিবির। সেই মামলা গড়িয়েছে আদালতেও। এর মধ্যেই কালীঘাটে দলনেত্রীর বাড়িতে কর্মীদের আসা-যাওয়া লেগেই রয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে মমতা জানিয়েছিলেন, পুজোর উৎসব মিটলে জেলায় জেলায় কর্মীদের কাছে যাবেন তিনি। রাজ্য স্তরের এক নেতা বলেন, ‘মমতাদি যদি এই পরিস্থিতিতে সত্যি সব জায়গায় যেতে পারেন, প্রশাসনিক বা বিজেপির দিক থেকে সব বাধা আটকে অন্তত কিছু জেলারও কর্মীদের কাছে পৌঁছনো যায়, তবে কর্মীদের মনোবল বাড়বে।’
হলফনামা বিতর্কে রাজ্যজুড়ে জাল সই নিয়ে ‘মিথ্যা’ কর্মী দেখিয়ে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ উঠেছে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে। তারপরও দলের একাংশের দাবি মেনে নিচু তলার কর্মীদের, যাঁদেরকে দিয়ে ভুয়ো হলফনামা জমা দেওয়ার অভিযোগ উঠেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরুদ্ধে, দলের সেই কর্মীদের সঙ্গেও সাক্ষাতের ব্যবস্থা হতে পারে।