ওঙ্কার ডেস্ক: কাশ্মীরে লস্কর-ই-তৈবার জঙ্গিনেতা লতিফ ভাটের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই হায়দরাবাদে বিস্ফোরণের হুমকি এল। লস্করের নাম করে হায়দরাবাদ পুলিশকে একটি হুমকি-ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। ওই ইমেল পাওয়ার পরই শহরজুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।
নিউজ ১৮-এর খবর অনুযায়ী, হায়দরাবাদ পুলিশের একটি অভ্যন্তরীণ চিঠিতে এই হুমকির বিষয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সতর্ক করা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ইমেল প্রেরক নিজেকে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। ইমেলে হায়দরাবাদের দুটি এলাকায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।
হুমকি-ইমেল পাওয়ার পরপরই শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হায়দরাবাদ সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন এলাকাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপও নেওয়া হচ্ছে। একইসঙ্গে গুজবে কান না দেওয়ার জন্য শহরবাসীকে অনুরোধ করা হয়েছে।
শুধু তল্লাশি নয়, কে বা কারা এই ইমেল পাঠিয়েছে তা চিহ্নিত করার চেষ্টাও চলছে। পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তদন্তকারীরা ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন।