ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে মঙ্গলবার নবান্নে ‘উন্নয়নের পাঁচালি’ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৪ বছরে তাঁর সরকার উন্নয়ন খাতে কী কী কাজ করেছে, সেই খতিয়ান তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিধবা ভাতা পাচ্ছেন ২০ লক্ষ ৫৭ হাজার মানুষ। বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা ৫৫ লক্ষ ৬১ হাজার। পশ্চিমবঙ্গ সরকারের মানবিক ভাতা পাচ্ছে সাত লক্ষ ৫৯ হাজার জন। এ ছাড়া জয় জোহার প্রকল্পে সুবিধা পাচ্ছেন দু’লক্ষ ৯৮ হাজার জন। তফশিলী বন্ধুতে উপকৃত মানুষের সংখ্যা ১১ লক্ষ ৪৫ হাজার। সমব্যথী পেয়েছেন ২৮ লক্ষ মানুষ। কোন প্রকল্পে কত খরচ হয়েছে তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সবুজশ্রী প্রকল্পে খরচ হয়েছে ৪৪ কোটি টাকা। আনন্দধারা প্রকল্পে খরচের পরিমাণ এক কোটি ২১ লক্ষ।’ স্বাস্থ্যখাতে তৃণমূল সরকারের বাজেট ১৪ বছরে ছ’গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের দু’কোটি ৪৫ লক্ষ পরিবার সুবিধা পাচ্ছে। যার জন্য খরচ হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা। শিশুসাথী প্রকল্পের আওতায় বিনা পয়সায় ৬৪ হাজার শিশুর হার্ট অপারেশন হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন থেকে এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে সমালোচনা করেন। তিনি বলেন, ‘অনেক রাজ্যে বিজেপি দেখানোর জন্য করছে। বিহারে ভোটের আগেও করেছে। আমরা তো প্রতি বছরই ১২ হাজার করে দিই। পাঁচ বছরে ৬০ হাজার।’ পশ্চিমবঙ্গে দু’কোটি ২১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন বলে জানান তৃণমূল সুপ্রিমো।
