ওঙ্কার ডেস্ক: দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি। সোমবার সুপ্রিম কোর্টের মধ্যে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন কাণ্ড করলেন তা এখনও স্পষ্ট নয়। যদিও এই ঘটনায় বিচলিত না হয়ে আদালতের কাজ চালিয়ে যান প্রধান বিচারপতি।
উপস্থিত আইনজীবীদের মতে, হামলাকারী বিচারপতি গাভাইয়ের দিকে জুতো ছুঁড়ে মারে। এর পর স্লোগান দিতে থাকে ‘সনাতন ধর্মের অপমান, সইবে না হিন্দুস্থান’ বলে। লোকটি আইনজীবীর পোশাক পরে ছিল বলে জানা গেছে। গোলমাল সত্ত্বেও, প্রধান বিচারপতি গাভাই শান্ত ছিলেন এবং আদালতের কাজ চালিয়ে যান। পরবর্তী আইনজীবীকে তাঁর বক্তব্য উপস্থাপন করতে বলেন। বিচারপতি গাভাই বলেন, ‘বিভ্রান্ত হবেন না। আমরা এতে বিভ্রান্ত নই।’
উল্লেখ্য, দেশের ৫২তম প্রধান বিচারপতি বিআর গাভাই। গত ১৪ মে প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। ওই দিন সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি বছরে ২৩ নভেম্বর তিনি অবসর নেবেন। ১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্ম নেন বিচারপতি গাভাই। গত বছর এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বিআর আম্বেদকরের প্রচেষ্টার কারণেই আধা বস্তি এলাকার পুরসভা স্কুলে পড়াশোনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পেরেছেন তিনি।
