ওঙ্কার ডেস্ক: বিহারের মুঙ্গেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম দশরথ মণ্ডল। ঘটনার পর দুই মেয়েকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। মৃতার নাম পূজা দেবী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে ভাগলপুরের বাসিন্দা পূজার সঙ্গে বিয়ে হয় দশরথপুরের দশরথের। তাঁদের দুই মেয়ে রয়েছে। একজনের বয়স আট বছর। অন্য জনের বয়স পাঁচ। দশরথ রেলের লোকো পাইলট হিসাবে কর্মরত ছিলেন। কাজের সূত্রে স্ত্রীকে নিয়ে জামালপুরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে সন্দেহ করতেন দশরথ। পূজার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে তাঁর ধারণা ছিল। এই বিষয়টি নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই বিবাদ হত। অভিযোগ, বুধবার রাতে সেই বিবাদ ভয়াবহ রূপ নেয়। প্রথমে দুই মেয়েকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন দশরথ। এরপর অন্য ঘরে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আক্রমণ করেন। তাঁর আঘাতেই পূজার মৃত্যু হয় বলে অভিযোগ। পরে স্ত্রীর দেহ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা আটকে দেন তিনি।
এরপর মেয়েদের ঘর থেকে বের করে তাদের মাকে নিয়ে একটি কথা বলেন দশরথ। তিনি নাকি দুই মেয়েকে জানান, তাদের মা মারা গিয়েছেন। তাদের জন্য নতুন মা নিয়ে আসবেন। তারপর দুই মেয়েকে সঙ্গে নিয়ে আদর্শ জামালপুর থানায় পৌঁছন অভিযুক্ত। তাঁর হাতে ছিল ধারালো অস্ত্র। পোশাকেও লেগেছিল রক্তের দাগ। তাঁকে ওই অবস্থায় দেখে থানার পুলিশকর্মীরা প্রথমে বিস্মিত হয়ে যান। পরে থানার ভিতরে গিয়ে কর্তব্যরত আধিকারিকের কাছে পুরো ঘটনা জানান দশরথ। এরপর আত্মসমর্পণ করেন তিনি। খবর পেয়ে অভিযুক্তকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। সেখান থেকেই পূজার দেহ উদ্ধার করা হয়।
এদিকে, ঘটনার পর দশরথের বিরুদ্ধে নির্যাতন, পণ চাওয়া এবং খুনের অভিযোগ দায়ের করেছে পূজার পরিবার। তাঁদের দাবি, বিয়ের কয়েক বছর পর থেকেই পূজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন অভিযুক্ত। পণের দাবিতেও তাঁকে চাপ দেওয়া হত বলে অভিযোগ। পূজার ভাই শুভম জানিয়েছেন, দু’দিন আগেও বোনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। কিন্তু তখন কোনও সমস্যার কথা জানাননি পূজা। শুভমের কথায়, বোন সাধারণত নিজের কষ্টের কথা পরিবারের কাউকে বলতেন না। তাঁর অভিযোগ, গত পাঁচ বছর ধরে পূজাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তাঁর চরিত্র নিয়েও বারবার প্রশ্ন তুলে অপমান করা হত। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শুভম।