ওঙ্কার ডেস্ক: মণিপুরে যৌথ নিরাপত্তা অভিযানে বড় সাফল্য। সেনা ও রাজ্য পুলিশের সমন্বিত অভিযানে ধরা পড়ল চিপ কুকি মিজো গোষ্ঠীর শীর্ষ জঙ্গি নেতা সহ আরও তিনজন। ধৃতদের মধ্যে অন্যতম স্বঘোষিত কমান্ডার-ইন-চিফ পাওখোলেন গুই, যিনি দীর্ঘদিন ধরে রাজ্যের পাহাড়ি এলাকা ও সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় ছিল বলে গোয়েন্দাদের দাবি।
সূত্রের খবর, একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এবং সেই সময় গ্রেফতার হয় চার জঙ্গি। অভিযানে উদ্ধার হয়েছে কিছু সামরিক সরঞ্জাম ও যোগাযোগ ব্যবস্থা, যা জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত হত বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেনা ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। দীর্ঘ পরিকল্পনা ও নজরদারির পর অবশেষে ধরা পড়ে গোষ্ঠীর শীর্ষ নেতা।
পাওখোলেন গুইয়ের বিরুদ্ধে একাধিক হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন মনে করছে, তাঁর গ্রেফতারি উত্তর-পূর্ব ভারতের জঙ্গি নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, তাঁদের কাছ থেকে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক যোগাযোগের খোঁজ পাওয়া যাবে।
রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই গ্রেফতারি সেনা ও পুলিশের সমন্বিত পদক্ষেপে সন্ত্রাস দমনে বড় ধরনের সাফল্য । স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের অভিযান শুধু মণিপুর নয়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সরবরাহ চক্র ও কার্যকলাপকে দুর্বল করে তুলবে।
ইতিমধ্যেই সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে এবং গ্রামাঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে। এই অভিযানের পর মণিপুরে শান্তি প্রক্রিয়া নতুন মাত্রা পেতে পারে বলেই আশা করছে প্রশাসন।
