ওঙ্কার ডেস্ক: প্রায় ২৫ কোটি টাকার গাঁজা উদ্ধার হল দিল্লি বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে। রুটিন মাফিক তল্লাশি চালানোর সময় এই গাঁজা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার কাস্টমসের তরফে জানানো হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, ২১ আগস্ট ব্যাংকক থেকে সিঙ্গাপুর হয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ পৌঁছানোর পর ‘এক ভারতীয়’-কে আটক করা হয়েছিল। সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। কর্তব্যরত কাস্টমস আধিকারিকরা ওই যাত্রীর ব্যক্তিগত জিনিসপত্র এবং লাগেজের এক্স-রে করার জন্য তাকে গ্রিন চ্যানেলে নিয়ে যান। পরবর্তীতে, যাত্রীদের বহনকারী ট্রলি ব্যাগগুলি পরীক্ষা করেন কাস্টমস আধিকারিকরা। সেই সময়, ২৫টি কালো রঙের পলিথিন পাওয়া যায়, যাতে সবুজ রঙের মাদকদ্রব্য গাঁজা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যেগুলির মোট ওজন ২৪৮১৪ গ্রাম।
কাস্টমস আধিকারিকরা জানিয়েছেন, ওই মাদক দ্রব্যগুলির মূল্য আনুমানিক ২৪.৮ কোটি টাকা। যদিও অভিযুক্তের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কাস্টমস বিভাগ। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
