নদিয়া: উদাসীনতার ফল। হাসপাতালে মেডিক্যাল করাতে গিয়ে পুলিশের হাত ছেড়ে পালাল বাংলাদেশী যুবক। অভিযুক্তকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ডাকাতির সন্দেহে গ্রেফতার হয়েছিল। আদালতের নির্দেশে ধৃতকে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। কিন্তু আজ, সোমবার হাসপাতালে নিয়ে যেতেই ঘটল বিপত্তি। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়েও।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম বিল্লাল শেখ। বয়স ১৯ বছর। বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ এলাকায়। ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হাঁসখালি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। পরে ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়। আজ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাঁকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, সেখানেই পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে।
ঘটনার পর থেকেই অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। সীমান্তবর্তী এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে পুলিশ হেফাজতে থাকা একজন অভিযুক্ত কীভাবে হাসপাতাল থেকে পালিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।