ওঙ্কার ডেস্কঃ হাদি মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। ওপার বাংলায় আটকে ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। ওই পড়ুয়াদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে অবিলম্বে জরুরি হস্তক্ষেপ করার দাবি জানাল ওই সংগঠন।
চিঠিতে অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে লেখা হয়েছে, বাংলাদেশে যেসব ভারতীয় পড়ুয়ারা আটকে আছেন তাঁদের পরিবারের থেকে লাগাতার উদ্বেগজনক বার্তা আসছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সেখানে থাকা পড়ুয়াদের মধ্যে ভয়, উৎকণ্ঠা ও মানসিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অবিলম্বে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। যাঁরা বিদেশে ডাক্তারি পড়তে যান, তাঁদের প্রত্যাশা থাকে বিপদের সময়ে ভারত সরকার তাঁদের পাশে দাঁড়াবে। এবারও প্রধানমন্ত্রী পড়ুয়াদের পাশে দাঁড়াবে বলে আশা সংস্থার।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হিংসা চরম আকার নিয়েছে বাংলাদেশে। সংবাদপত্রের অফিস ভাঙচুর, ছায়ানটে হামলার পাশাপাশি দেশের নানা প্রান্তে খুনের ঘটনা সামনে আসে। নৃশংসভাবে হত্যা করা হয় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও উত্তেজনা ও টানাপড়েন বাড়ছে।
