ওঙ্কার ডেস্কঃ ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর তিনদিনের ভারত সফর যে তাৎপর্যপূর্ণ, তার আভাস ছিলই। রাফাল থেকে সাবমেরিন, ফ্রান্স ভারতের বৈঠক যে বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ যৌথ ভাবে কর্ণাটকে একটি কারখানার উদ্বোধন করেন। সূত্রের খবর, এই কারখানায় এক বেসরকারি হেলিকপ্টারের যন্ত্রাংশ সংযুক্ত করার শেষ ধাপের কাজ হবে। ভারতের মাটিতে তৈরি হবে ‘এইচ ১২৫’ কপ্টার। ফরাসি সংস্থা ‘এয়ারবাস হেলিকপ্টার’ এবং ‘টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড’, এই দুই সংস্থার যৌথ উদ্যোগে হবে কাজ। এই কপ্টার এভারেস্টের উচ্চতায় উড়তে পারবে।
ওই হেলিকপ্টারের পোশাকি নাম ‘এইচ ১২৫’। কর্নাটকের ভেমাগালে তার চূড়ান্ত সংযুক্তিকরণের কাজটি হবে। এর আগেও এয়ারবাস এবং টাটা যৌথ ভাবে কাজ করেছে।
টাটার সঙ্গে কাধে কাধ মিলিয়ে ভারতেই বায়ুসেনার জন্য সি ২৯৫ পরিবহণ বিমান তৈরি করছে এয়ারবাস। এ বার সেই তালিকায় যোগ হতে চলেছে ‘এইচ ১২৫’।
২০২৭ সালের প্রথম দিকেই কর্নাটকের কারখানা থেকে প্রথম ‘এইচ ১২৫’ হেলিকপ্টারটি তৈরি হবে, এমনটাই আশা। সূত্রের খবর, এয়ারবাস এবং টাটার পরিকল্পনা রয়েছে যে আগামী ২০ বছরের মধ্যে ভারতে অন্তত ৫০০টি ‘এইচ ১২৫’ হেলিকপ্টার তৈরি করা হবে। এ ছাড়াও আরও ভারতীয় সংস্থাকে এই হেলিকপ্টার মেরামত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, মঙ্গলবার ফ্রান্সের সংস্থা এক্সোট্রেলের সঙ্গে চুক্তি হয়েছে তিন ভারতীয় সংস্থা ধ্রুব স্পেস, পিক্সেল এবং এক্সডিলিঙ্ক্স ল্যাব্স-এর সঙ্গে। এক্সোট্রেল মূলত বিভিন্ন মহাকাশ প্রযুক্তি তৈরি করে। জানা যাচ্ছে, তারা তিন ভারতীয় সংস্থাকে ‘প্রপালশন সিস্টেম’ বিক্রি করবে। কত টাকার প্রযুক্তি কেনার বিষয়ে এই চুক্তি হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, মঙ্গলবার মোদী-মাক্রোঁ বৈঠকে দ্বিতীয় দফায় ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান কেনা এবং ডুবোজাহাজ নির্মাণের বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
