ওঙ্কার ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে জয়ী হয়েও পাক ক্রিকেট কর্তা মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। যা নিয়ে বিতর্ক এখনও চলছে। মঙ্গলবার এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও ট্রফি পাওয়া নিয়ে কোনও সমাধান সূত্র মেলেনি। এই আবহে নকভি দাবি করলেন, তাঁকে দীর্ঘ ক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। যাতে তিনি অপমানিত বোধ করেছেন।
মঙ্গলবার বৈঠকে ছিলেন বিসিসিআই এর কর্তা রাজীব শুক্লা এবং আশিষ শেলার। ভারতের তরফে দাবি করা হয়, এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল যত দ্রুত সম্ভব তাদের দিয়ে দিতে হবে। নকভির বিরুদ্ধে বৈঠকে একের পর এক অভিযোগ করা হয়। নকভি আলোচনা এগিয়ে নিয়ে যেতে না চাওয়ায় বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্লা ও শেলার। বৈঠকে নকভি অভিযোগ করেন, তাঁকে পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে দীর্ঘ ক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আর যার ফলে তাঁর নিজেকে কার্টুনের মতো লাগছিল! নকভির দাবি, ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে চায় না, সেটা লিখিত ভাবে জানানো হয়নি। তাই তিনি পুরস্কার মঞ্চে হাজির ছিলেন।
মঙ্গলবারের বৈঠকে শুক্লা নকভির উদ্দেশে বলেন, এশিয়া কাপে বিজয়ীর ট্রফি তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়। তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে নিয়ে যেতে পারেন না হোটেলের ঘরে। প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট কর্তা শইকীয়াও এ কথা বলেছিলেন আগে। বৈঠকে শুক্লা স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ভারতের প্রাপ্য ট্রফি ও মেডেল দিতে হবে। শুধু তাই নয়, এশীয় ক্রিকেট কাউন্সিলকে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানান তিনি।
