ওঙ্কার ডেস্ক: প্রেমিক অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, আর সেটা মেনে নিতে পারেননি। সেই ক্ষোভ থেকে তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করলেন মহিলা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের শিবাজি নগর এলাকায়। প্রকাশ্য দিনের আলোয় এমন হত্যাকাণ্ডে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম শিফা শেখ। তাঁর বয়স ১৯ বছর। মঙ্গলবার বিকেলে শিবাজি নগরের ফুরকানিয়া মসজিদ চত্বরে তাঁকে গুলি করে খুন করা হয়। ঘটনার ১২ ঘন্টার মধ্যে মুম্বই পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে এক জন ২৫ বছর বয়সী মহিলা এবং ২৩ বছর বয়সী এক যুবক। পুলিশ জানিয়েছে, ওই মহিলা প্রধান অভিযুক্ত। তদন্তে জানা গিয়েছে, মহিলার সঙ্গে সাথে দেখা করার জন্য ফোন পেয়ে শিফা তাঁর বাড়ি থেকে বেরোন। শিবাজি নগরের ফুরকানিয়া মসজিদ চত্বরে তাঁর সঙ্গে দেখা হয়। দুজনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। সেই সময় আচমকা শিফাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, খুব কাছ থেকে শিফার মুখে গুলি করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার ১২ ঘন্টার মধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
