ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলীয় নির্দেশ মেনে নেতারা যাতে কাজ করে এই বিষয়ে আগেই নেতা কর্মীদের চেতাবনি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে এবার পুরসভা গুলিতে বিশেষ নজর দিচ্ছে জোড়াফুল শিবির।
তৃণমূল সূত্রের খবর, রাজ্যের পুরসভাগুলিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পারফর্মেন্স খতিয়ে দেখছে শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে আই-প্যাক এ বিষয়ে সমীক্ষা করেছে। সাংগঠনিক স্তরেও সমীক্ষা করা হয়েছে। সূত্রের দাবি, আগামী মাস খানেকের মধ্যে পারফর্মেন্স পর্যালোচনা করে বেশ কিছু পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বদল করা হতে পারে। আনা হবে নতুন মুখ।
উল্লেখ্য, পুজোর আগে ব্লক ধরে ধরে রদবদল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ও ব্লক স্তরে যারা সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন তারা রয়ে গেছেন পদে। কারোর আবার পদোন্নতি হয়েছে। পাশাপাশি, যাদের পারফর্মেন্স খারাপ বা যাদের বিরুদ্ধে সংগঠনে অভিযোগ জমা পড়েছে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ নেতাদের এই পদক্ষেপে জেলার বড় মাপের নেতা থেকে শুরু করে মন্ত্রী, কেউ পার পাননি। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রাজ্যে প্রায় ৭৪টি পুরসভায় পিছিয়ে ছিল শাসকদল তৃণমূল। তার মধ্যে এমন কিছু পুরসভা ছিল, যেগুলির ফলাফল ছিল খুবই খারাপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জনরোষের প্রতিফলন যাতে ইভিএমে ছাপ না ফেলে তার জন্য এই পদক্ষেপ তৃণমূলের।
