তাপস ঘোষ, মুর্শিদাবাদ : বিপুল পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত সামসেরগঞ্জ থেকে । এস টি এফ ও সামশেরগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে দেড় কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর মঙ্গলবার গভীর রাতের সামশেরগঞ্জের সাহেবনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃতদের নাম দিল রহমান শেখ ওরফে রাহুল বয়স ৩১ এবং জালালুদ্দিন বড়ভূঁইয়া। মুর্শিদাবাদের সুতি থানার ইসলামপুর গ্রামে রাহুলের বাড়ি এবং আসামের শিলচরে জালালুদ্দিনের বাড়ি।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, দুই ব্যক্তির কাছ থেকে ১৫০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তরা আসাম থেকে হেরোইন গুলো নিয়ে সাহেবনগর গ্রামের একটি বাড়িতে নিয়ে এসেছিল বলে খবর। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে তাদের বাড়িতে পুলিশ হানা দেয় এসটিএফ সহ। এরপরই তাদের গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে বহরমপুরের বিশেষ আদালতে দুই অভিযুক্তকে তোলা হয়েছে। অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ প্রশাসন ও এস টি এফ।
