নিলয় ভট্টাচার্য, নদিয়া : কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পর তৃণমূল কর্মী সমর্থকদের হামলায় মৃত্যু হল এক নাবালিকার। শোকের ছায়া জেলাজুড়ে। কালীগঞ্জে জয়ের পরেই সিপিএম কর্মীদের বাড়িতে হামলা করে তৃণমূল কর্মীরা । তাদের ছোড়া বোমার আঘাতেই নাবালিকা স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে নদিয়ার কালিগঞ্জ থানার মুলান্দি গ্রামে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে , নাবালিকার নাম তামান্না খাতুন । কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস জয় পেতেই তারা কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । মুলান্দী গ্রামে বেছে বেছে বেশ কয়েকটি বাড়িতে বোমা ছাড়া হয়। আর সেই ছোড়া বোমার আঘাতেই মৃত্যু হয় নাবালিকার। এই ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি একজন আহত হয়েছে বলে জানা গেছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় মানুষজনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা সিপিআইএম এম কর্মী সমর্থকদের বাড়ি বেছে বেছে আক্রমণ করেছে। এই মর্মান্তিক ঘটনা ঘটে যাবার পর ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার। এই বিষয়ে তিনি জানিয়েছেন এই ঘটনা খুবই দুঃখজনক। খুব তাড়াতাড়ি এই ঘটনার তদন্ত শুরু করে দস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য এই ঘটনায় নাবালিকার মা একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি জানান তাদের প্রথম কন্যা সন্তান ছিল তামান্না খাতুন। তার স্বামী কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকে। বাড়ির ভিতরে এসে বোমা মারবে তাও আবার মেয়ের উপর সেটা কল্পনা করতে পারেননি তিনি। যদিও ইতিমধ্যেই পুলিশ সুপার অমরনাথ পরিবারকে আশ্বস্ত করেছেন এবং দোষীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন।
