ওঙ্কার ডেস্ক: ব্যস্ত শহরে অফিসযাত্রীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে এখনও ভরসার পরিবহন কলকাতা মেট্রো। আগামী ২২ আগস্ট মহানগরে আরও তিনটি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এই তিন রুটের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
মেট্রো সূত্রে খবর, প্রধানমন্ত্রী নবনির্মিত নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন, রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন করবেন। সেই সঙ্গে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো সংযোগের উদ্বোধন করবেন মোদী। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটটি চালু হয়ে গেলে সাধারণ মানুষ উপকৃত হবেন। কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। পরিষেবা শুরু হলে এই রুটেও যাত্রীসংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে পরিষেবা শুরু হলে মেট্রো পথে জুড়ে যাবে সল্টলেক-হাওড়া। সব মিলিয়ে পুজোর আগে শহরের তিন রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে চলেছে।
অন্য দিকে, প্রশাসনিক কাজের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২২ আগস্ট তাঁর একটি রাজনৈতিক সভাও করার কথা আছে। বছর ঘুরলেই যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই সভা থেকে বিজেপির নেতা কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে সবাই। পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যে ভাবে বিজেপিকে বিঁধে আক্রমণ শানাচ্ছে তাতে প্রধানমন্ত্রী বঙ্গে এসে জোড়াফুল শিবিরকে কী ভাবে নিশানা করেন সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।
