ওঙ্কার ডেস্ক: সাহস ও ভালোবাসার অনন্য নিদর্শন। মৌমাছির কামড় থেকে ২০ শিশুকে বাঁচাতে সক্ষম হলেও নিজেই পতঙ্গের কামড়ে প্রাণ হারালেন অঙ্গনওয়াড়ি কর্মী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমুচ জেলার রণপুর গ্রামে।
রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটেছে মাদাভাদা পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ওই কেন্দ্রের শিশুরা যখন খেলছিল সেই সময় ঝাঁকে ঝাঁকে উড়ে আসে মৌমাছির দল। তারা শিশুদের উপর এসে আছড়ে পড়ে। সেই সময় ওই কেন্দ্রের রাঁধুনি কাঞ্চন বাই মেঘওয়াল নিজের সুরক্ষার কথা না ভেবে শিশুদেরকে আড়াল করে কেন্দ্রের ভেতরে নিয়ে যান। শিশুদের কামড় থেকে রক্ষা করার সময় পতঙ্গের ঝাঁকটি তার উপর চড়াও হয়। শতাধিক মৌমাছি তাঁর শরীরে হুল ফোটায়। তবুও, সমস্ত শিশুকে নিরাপদ জায়গায় না নিয়ে আসা পর্যন্ত থামেননি কাঞ্চন। এত পতঙ্গের কামড়ে অসুস্থ হয়ে পড়েন ওই রাঁধুনি। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গিয়েছে, কাঞ্চন বাই পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী হলেও স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সভাপতি ছিলেন। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। তাঁর স্বামী শিবলাল পক্ষাঘাতগ্রস্ত। তাঁদের এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর তাঁর দেয়হ গ্রামে পৌঁছয়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ওই গ্রামের গাছের মৌচাকটি সরানোর দাবি তুলেছেন গ্রামবাসীরা।
