ওঙ্কার ডেস্ক: দূষণে জেরবার রাজধানীতে কৃত্রিম বৃষ্টি এনে পরিস্থিতি নাগালে আনার চেষ্টা করেছিল দিল্লির বিজেপি সরকার। ৩৪ কোটি টাকা খরচ করে সেই মেঘের বীজ বোনা যদিও সফল হয়নি। দিল্লির আকাশ থেকে আশানুরূপ পরিমাণে ঝড়ে পড়েনি বৃষ্টি। এই বিপুল পরিমাণ খরচ নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। এ বার এই প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, দিল্লির সরকার যখন কৃত্রিম মেঘ তৈরির চেষ্টা শুরু করে তখন তাতে সায় দেননি বিশেষজ্ঞরা। কেন্দ্র সরকারও আগেই জানিয়েছিল দিল্লির আবহাওয়া ‘ক্লাউড সিডিং’-এর পক্ষে উপযোগী নয়। তাহলে ৩৪ কোটি টাকা কেন জলে ফেলা হল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রকল্পের পিছনে বিজেপি সরকারের দুর্নীতি রয়েছে বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির প্রাক্তন শাসক দল আম আদমি পার্টি ইতিমধ্যে বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। দুর্নীতির অভিযোগও এনেছে কেজরিওয়ালের দল।
উল্লেখ্য, দিল্লিতে যখন আম আদমি পার্টি ক্ষমতায় ছিল, সেই সময় কৃত্রিম বৃষ্টি নামানোর জন্য চেষ্টা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে মেলেনি কেন্দ্র সরকারের অনুমতি। বিশেষজ্ঞরাও এই সিদ্ধান্তে রাজি হননি। পরবর্তীতে ২০২৪ সালে এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়, শীত কালে রাজধানী দিল্লিতে কৃত্রিম বৃষ্টির জন্য অনুকূল আবহাওয়া থাকে না। কৃত্রিম বৃষ্টি ঝরাতে মেঘে যে পরিমাণ আর্দ্রতা থাকে মেঘে সেই ক্ষমতা থাকে না। বিশেষজ্ঞদের মতে, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে তাই দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা অযৌক্তিক।
