ওঙ্কার ডেস্ক: বিহারে খোলা জায়গায় আর বিক্রি করা যাবে না মাংস। নয়া নির্দেশিকা জারি করল বিহারের নীতিশ কুমারের সরকার। নির্দেশ অমান্য করলে করা হবে মোটা টাকা জরিমানা। প্রসঙ্গত, আগেই এমনটা জানিয়েছিলেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা।
বিহারের নগরোন্নয়ন ও আবাস বিভাগ মঙ্গলবার নির্দেশিকা জারি করে জানিয়েছে, খোলা জায়গায় মাংস বিক্রি করা যাবে না। এর আগে বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা বিধানসভায় ঘোষণা করেছিলেন, খোলা জায়গায় মাংস বিক্রির অনুমতি দেওয়া হবে না বলে। তার পরে এ বার নির্দেশিকা জারি করা হল। শুধু তাই নয় বলা হয়েছে, মাংস বিক্রি করতে হলে সমস্ত বিক্রেতাকে লাইসেন্স নিতে হবে। নিয়ম অমান্য করে খোলা জায়গায় মাংস বিক্রি করলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট বিক্রেতাকে। নিয়ম ভাঙলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, মাংস বিক্রির দোকানে পর্দা বা কালো কাচ দোকানে লাগাতে হবে। যাতে বাইরে থেকে মাংস কাটার দৃশ্য দেখা না যায়। রাস্তার ধারে বা প্রকাশ্যে মাংস ঝুলিয়ে বিক্রি করা যাবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
শুধু তাই নয়, নয়া নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল বা ধর্মীয় স্থানের কাছাকাছি মাংস বিক্রি করা যাবে না। নিয়ম ভাঙলে দোকান বন্ধ করে দেওয়া হবে। বিক্রেতাদের এমন জায়গায় বর্জ্য রাখতে হবে যাতে পুরসভার গাড়ি সহজেই তুলতে পারে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে মত সরকারের।
