ওঙ্কার ডেস্ক: প্যাকেটজাত পানীয় জল নিয়ে প্রশ্নের মুখে পড়ে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসলেরি। সংস্থাটির বক্তব্য, তাদের জল পান করার জন্য একেবারেই নিরাপদ। একটি নমুনায় ব্রোমেটের মাত্রা বেশি পাওয়ার পর খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দেওয়ায় এই বিবৃতি দিয়েছে সংস্থাটি। বিসলেরির দাবি, পরবর্তী স্বতন্ত্র পরীক্ষায় তাদের জলে ব্রোমেটের পরিমাণ নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গেছে।
বিতর্কের শুরু রবিবার। সেদিন এফএসএসএআই জানায়, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার মতে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬-এর আওতায় প্যাকেটজাত পানীয় জল সংক্রান্ত নিয়ম ভাঙা হয়েছে। এফএসএসএআই বলেছে, তারা বিসলেরির প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় সেই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি মিলেছিল।
সংস্থার আবেদনে পরে নমুনাটির দ্বিতীয় দফার পরীক্ষা হয়। এফএসএসএআই-এর দাবি, দ্বিতীয় পরীক্ষাতেও গোলযোগ ধরা পড়ে। এর ফলে ওই নমুনাকে খাদ্য নিরাপত্তা আইনের আওতায় ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএ-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ব্রোমেটকে মানবদেহে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে এমন উপাদান হিসেবে চিহ্নিত করেছে। তাই বিসলেরির মতো পরিচিত ব্র্যান্ডের জলে এমন উপাদান মেলায় স্টেশন, বাসস্ট্যান্ড কিংবা ট্রেনে-বাসে বিক্রি হওয়া জলের গুণমান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
বিতর্ক জোরালো হতেই সোমবার বিবৃতি দেয় বিসলেরি। সংস্থাটি জানায়, বিষয়টি তাদের গোয়ার কারখানায় সেপ্টেম্বর মাসে তৈরি একটি ব্যাচের সঙ্গে যুক্ত। বিসলেরির বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এফএসএসএআই গোয়ার উৎপাদনকেন্দ্র থেকে ছয়টি নমুনা সংগ্রহ করে। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা সব মানদণ্ড পূরণ করে। কিন্তু ষষ্ঠ নমুনায় ব্রোমেট পাওয়া যায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম, যা নির্ধারিত ১০ মাইক্রোগ্রাম সীমার চেয়ে বেশি।
এই ফলাফলকে চ্যালেঞ্জ করে ২০২৫ সালের ২২ নভেম্বর নমুনাটি নতুন করে পরীক্ষার আবেদন জানায় সংস্থাটি। এরপর এফএসএসএআই নমুনাটিকে একটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠায়। বিসলেরির দাবি, সেই পরীক্ষায় ব্রোমেটের মাত্রা সীমার মধ্যেই ছিল। তবে রিপোর্টে পলি-নিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উপস্থিতির কথা আলাদাভাবে উল্লেখ করা হয়। ফলাফলের এই অমিল নিয়েই কিছু প্রশ্ন তৈরি হয়েছিল, যার ব্যাখ্যা দরকার ছিল বলে মনে করে সংস্থাটি।
এরপর তারা একই নমুনা এফএসএসএআই-অনুমোদিত অন্য একটি ল্যাবরেটরিতে স্বাধীনভাবে পরীক্ষা করায়। সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গেছে বলে দাবি করেছে বিসলেরি।
সংস্থাটি আরও জানিয়েছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক চিঠি দিয়ে স্বাধীন ল্যাবরেটরির পরীক্ষার ফলাফল এফএসএসএআই-এর পশ্চিম আঞ্চলিক কার্যালয়ে জমা দেওয়া হয়েছিল। কিন্তু তারপর নিয়ন্ত্রক সংস্থার তরফে আর কোনও যোগাযোগ করা হয়নি। ফলে সংস্থাটি ধরে নিয়েছিল বিষয়টি মিটে গেছে।
বিবৃতিতে বিসলেরি বলেছে, এখনও পর্যন্ত তারা ইমেল বা হার্ড কপি, কোনও মাধ্যমেই কোনও নোটিস পায়নি। এফএসএসএআই-এর ওয়েবসাইটেও এমন কোনও নোটিস খুঁজে পাওয়া যায়নি বলে দাবি তাদের।
নিজেদের উৎপাদন প্রক্রিয়া নিয়েও অবস্থান স্পষ্ট করেছে সংস্থাটি। বিসলেরির বক্তব্য, পানীয় জলের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। ১০ ধাপের উৎপাদন প্রক্রিয়ায় ৯০টিরও বেশি পরীক্ষার মাধ্যমে কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। সংস্থাটির ভাষায়, বহু বছর ধরে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে বিসলেরি পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ।
অন্যদিকে এফএসএসএআই-এর অবস্থান, ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলে আইন অনুযায়ী বিধি লঙ্ঘনের প্রমাণ মিলেছে। সেই ভিত্তিতেই বিসলেরির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপে পরীক্ষিত নমুনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাল্টা বিসলেরি পরীক্ষার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে এবং জানিয়েছে, তারা খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষকে স্বাধীন ল্যাবরেটরির ফলাফল জমা দিয়েছে। বিষয়টি নিয়ে এফএসএসএআই-কে সহযোগিতা করবে এবং যথাযথ নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করবে বলে জানিয়েছে সংস্থাটি।