ওঙ্কার ডেস্ক: মোথাবাড়ি অশান্তির ঘটনায় তদন্তে নয়া মোড়। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তলবে সোমবার হাজির হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছন স্বামী মেহবুব আলমও। এদিন সকাল ১১টার পরেই তাঁরা এনআইএ দফতরে যান। দু’জনকেই বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এনআইএ দফতরে প্রবেশের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাবিনা। মোথাবাড়িতে অশান্তির দিন স্বামীর উপস্থিতির অভিযোগ সরাসরি খারিজ করেন তিনি। সাবিনার দাবি, সেদিন ঘটনাস্থলে মেহবুব আলম ছিলেন না। নির্বাচনী কর্মসূচি সেরে ফেরার পথে জাতীয় সড়কে উত্তেজনা ছড়াতে দেখেন তিনি। এরপর গাড়ি থামিয়ে বিক্ষোভকারীদের জমায়েত সরানোর চেষ্টা করেছিলেন। সেই ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি তাঁর।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া চলাকালীন গত ১ এপ্রিল উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের একাংশ কালিয়াচকের বিডিও অফিসে ঢুকে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখেন। কয়েক ঘণ্টা ধরে চলে এই পরিস্থিতি। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
আটকে পড়া বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে। মহিলা বিচারক-সহ একাধিক বিচারক হেনস্তার শিকার হন বলে অভিযোগ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার গ্রহণ করে এনআইএ। এই ঘটনায় মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথম মামলায় ২২ জনের বিরুদ্ধে ৫৪ পাতার চার্জশিট দেওয়া হয়েছে। দ্বিতীয় মামলায় একজনের বিরুদ্ধে জমা পড়েছে ১১ পাতার চার্জশিট। সব মিলিয়ে ২৩ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।