নিজস্ব প্রতিনিধি, মালদা: ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা দাবি ও হুমকি দেওয়ার ঘটনায় অবশেষে ধরা পড়ল পলাতক অভিযুক্ত। নদিয়ার হরিণঘাটায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে আকাশ মণ্ডলকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি বিলাসবহুল চার চাকার গাড়িও উদ্ধার হয়েছে বলে খবর।
গত রবিবার পুরাতন মালদার সাহাপুর এলাকায় এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আকাশের বিরুদ্ধে। ঘটনাটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি।
অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়ির দল। ফাঁড়ির আধিকারিক অনন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল হরিণঘাটার একটি গোপন আস্তানায় হানা দেয়। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র ও গাড়িসহ আকাশকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। অভিযুক্ত গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরেছে সাহাপুর এলাকার আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে।