ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হয়েছিলেন সোনম ওয়াংচুক তাঁদের দাবিকে সমর্থন করে। রাজধানী থেকে ক্রমে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। পড়ুয়াদের দাবি পূরণ হওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচরা। তবে আন্দোলন তুলে নিলেও এখনও চর্চায় রয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। জল্পনা তৈরি হয়েছে, সিজেপির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। এই জল্পনার নেপথ্যে একাধিক কারণ রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সোনম ওয়াংচুক সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য। অন্য দিকে সিজেপি নেতারা দাবি করেছিলেন, কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। আর এই মন্তব্যের মধ্যে ফাটলের বীজ রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ সোনম মনে করছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া উচিত নয়। আন্দোলনের নামে কেউ কেউ অরাজকতা সৃষ্টি করেছিল তা পরোক্ষে মেনে নিলেন ওই সমাজকর্মী।
উল্লেখ্য, নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে সুইজারল্যান্ড থেকে দেশে ছুটে এসেছিলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশন করেন তিনি। ৩৬ দিন ধরে বিক্ষোভ দেখায় সিজেপি। এর পর শনিবার সমস্ত দাবি মেনে নেয় মোদী সরকার। পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনশনরত অবস্থায় সোনমকে গুরুগ্রামের বেসরকারি হাসপাতাল মেদান্ততে ভর্তি করা হয়েছিল। সোমবার সেখান থেকে ছাড়া পেয়ে দিল্লির রাজঘাটে যান তিনি। মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান। সেখানেও সিজেপির কোনও সদস্যকে দেখা যায়নি।