ওঙ্কার ডেস্কঃ আন্দোলনকারীদের উপরে পুলিশি ‘দমনপীড়ন’-এর প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল হয়ে উঠল সংসদ ভবন। নিট-আন্দোলনকারীদের ওপর পুলিশি পদক্ষেপের দায় স্বীকার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবিতে সংসদের ভিতরে ও বাইরে সুর চড়ালেন বিরোধী সাংসদরা। মঙ্গলবার দুপুর ২টো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনই।
পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী জোট। অভিযোগ, পড়ুয়াদের ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ ভেস্তে দিতে বিক্ষোভকারীদের ওপর ছররা গুলি বা পেলেট গান ব্যবহার করেছে পুলিশ ও আধাসেনা। দিল্লি পুলিশের এই পদক্ষেপে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রত্যক্ষ মদত রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা ও জবাবদিহির দাবিতে মঙ্গলবার সকাল থেকেই সরব হন বিরোধীরা।
পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রের আনা কড়া আইনি সংশোধনী বিলটি নিয়ে মঙ্গলবার লোকসভায় আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরু হতেই বিরোধীদের বিক্ষোভে মূল আলোচনা ভেস্তে যায়। অন্য দিকে, পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে হাতিয়ার করে সংসদ চত্বরে পাল্টা ধর্নায় বসেন শাসকজোট এনডিএ-র সাংসদেরা। আম আদমি পার্টি (AAP) শাসিত পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের স্পষ্ট জবাবের দাবিতে স্লোগান তোলেন তাঁরা।