ওঙ্কার ডেস্কঃ স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি, সে সম্পর্কে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনতে চায় তাতে তৃণমূলের সাংসদদের সই করতে কোনও আপত্তি নেই। কিন্তু কংগ্রেস শর্ত মানলে তবেই অনাস্থা প্রস্তাবে সই করবে তৃণমূল।
অভিষেক মঙ্গলবার বলেন, ‘‘স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই। ‘ইন্ডিয়া’র দলগুলো সই করে একটা চিঠি লোকসভার স্পিকারকে দিক। যে চারটি বিষয়কে কেন্দ্র করে অনাস্থা প্রস্তাব আনার কথা বলা হচ্ছে, সেগুলিই লিখিত ভাবে জানানো হোক স্পিকারকে। তিনি তিন দিনের মধ্যে উত্তর না-দিলে, তার পর শুক্রবার অনাস্থা প্রস্তাব আনা হোক।’’
তৃণমূল কি অনাস্থা প্রস্তাবের প্রশ্নে কংগ্রেসের সঙ্গে সচেতন দূরত্ব তৈরি করতে চাইছে, এই প্রশ্ন উঠছিল। অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেস যে ভাবে বলবে সে ভাবে তৃণমূল চলবে না। অভিষেকের কথায়, ‘‘কংগ্রেসের ৮ জন সাংসদকে স্পিকার সাসপেন্ড করেছেন। চিঠি দিয়ে বলা হোক তা প্রত্যাহার করতে। তিন দিন সময় দেওয়া হোক। না-করলে তখন আনা হোক অনাস্থা প্রস্তাব। কারণ, এটাই তো নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের পার্থক্য। ভুল করলে তাঁকে সুযোগ তো দিতে হবে।’’
মোটকথা অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, যদি চিঠি দিয়ে, তিন দিন সময় দিয়ে কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূল তাতে সই করবে। কিন্তু মঙ্গলবারই যদি তড়িঘড়ি কংগ্রেস এই প্রস্তাব আনতে চায়, তা হলে তাতে তৃণমূল সই করবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের পদক্ষেপে আপত্তি নেই জানিয়েও তৃণমূলের এই শর্ত দেওয়া জাতীয় রাজনীতিতে ‘তাৎপর্যপূর্ণ’।
