ওঙ্কার ডেস্ক: ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে চলেছে নয়াদিল্লি। এই যুদ্ধিবিমান কেনার জন্য চলতি সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রক অনুমোদন দিতে পারে বলে সূত্রের খবর। এর জন্য মোট ৩.২৫ লক্ষ কোটি টাকার চুক্তি অনুমোদন করতে পারে রাজনাথ সিংয়ের মন্ত্রক। আগামী ১৭ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ফরাসি প্রেসিইডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্রের খবর, তাঁর দিল্লি সফরের আগে এই অনুমোদন দেওয়া হতে পারে।
রিপোর্ট অনুসারে, প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। যে কমিটির সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তাব অনুসারে, ফরাসি প্রতিরক্ষা সংস্থা ডাসল্ট এভিয়েশনের কাছ থেকে ১৮টি অত্যাধুনিক রাফায়েল কিনবে ভারত। বাকি ৯৬টি যুদ্ধবিমান ভারতে তৈরি হবে। এই বিমানগুলির মধ্যে কিছু বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। ভারতীয় বিমান বাহিনীর ইতিমধ্যেই ৩৬টি রাফায়েল রয়েছে, যার মধ্যে দুটি স্কোয়াড্রন রয়েছে। ৬৩,০০০ কোটি টাকার চুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য ‘এম’ ভেরিয়েন্টের আরও ২৬টি রাফায়েল জেট অর্ডার করা হয়েছে। নৌবাহিনীর ভেরিয়েন্টগুলি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে পরিচালিত হবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। যে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তার জবাবে মে মাসে ভারতের সামরিক বাহিনী অপারেশন সিঁদুর অভিযান চালায়। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতের বাহিনী। সেই সময় রাফায়েল জেটগুলি সফলভাবে ব্যবহৃত হয়েছিল।
