ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিষিদ্ধ ঘোষিত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই এর ৬৭.০৩ কোটি টাকার আরও আটটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সম্পত্তিগুলি বিভিন্ন ট্রাস্ট এবং সংগঠনটির রাজনৈতিক দল – সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া-এর নামে ছিল।
এর আগে, ইডির গোয়েন্দারা তল্লাশি চালিয়ে পিএফআই-এর রক্ষণাবেক্ষণ করা একাধিক রেকর্ড বাজেয়াপ্ত করেছিল। ইডির তরফে জানানো হয়েছে, ‘বাজেয়াপ্ত করা নথিগুলি থেকে জানা গেছে, পিএফআই একাধিক শরীর শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি নিয়েছিল। তা ছাড়া, বিভিন্ন সম্পত্তিতে শেড তৈরি করেছিল সংগঠনটি। উদাহরণস্বরূপ, ভালুভানাদ হাউস পট্টম্বি এবং মালাবার হাউস (হরিতম ফাউন্ডেশন) যেগুলি বর্তমানে বাজেয়াপ্ত করা হয়েছে।’ ইডি জানিয়েছে, পিএফআই বেশ কিছু জায়গায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক কৌশল শেখাত। সেই সম্পত্তিগুলি ডামি মালিকদের নামে নিবন্ধিত ছিল। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ শিবিরের লক্ষ্য ছিল ক্যাডার এবং সদস্যদের ‘জিহাদি’ কর্মকাণ্ডের জন্য প্রস্তুত করা। পাশাপাশি বিভিন্ন বেআইনি কার্যকলাপে তাদের ব্যবহার করা। বিবৃতিতে ইডি জানিয়েছে, ‘তদন্তে জানা গেছে পিএফআই-এর পদাধিকারী, সদস্য এবং ক্যাডাররা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। সেই সঙ্গে ভারতজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করতে এবং অর্থায়নের জন্য ব্যাংকিং চ্যানেল, হাওয়ালা, অনুদান ইত্যাদির মাধ্যমে ভারত এবং বিদেশ থেকে তহবিল সংগ্রহ করছিল।’
ইডি জানিয়েছে, ত্রাণ ও সামাজিক কর্মকাণ্ডের আড়ালে পিএফআই এবং এসডিপিআই ১৩১ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। তদন্তকারীদের দাবি, ‘ইসলামিক ভারত গঠনের লক্ষ্যে এই অর্থ ভারতে হিংসা ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছিল।’
