ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল দু জনের। উত্তরপ্রদেশের নয়ডায় একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ফলে ঝলসে মৃত্যু হয়েছে তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে নয়ডার মামুরা গ্রামে ওই বাড়িতে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় আগুন লাগে। বুধবার বাড়িটির নীচুতলায় পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। এর পর তা দ্রুত আশেপাশের অন্যান্য গাড়িতে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। আগুনের গ্রাস থেকে বাঁচাতে প্রায় ৫০টি পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা সেক্টর ৬৬-এর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বাড়িটিতে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে বের করে আনেন।
গৌতম বুদ্ধ নগরের যুগ্ম পুলিশ কমিশনার রাজীব নারাইন জানান, নয়ডার মামুরা গ্রামে সম্ভবত বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় আগুন লাগে। পরে তা পেট্রোল-চালিত গাড়িতে ছড়িয়ে পড়ে। তিনি জানান, উদ্ধারকাজের মাধ্যমে প্রায় ৫০টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া দুজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘সেক্টর ৬৬ এবং ফেজ-৩ থানা এলাকার অন্তর্গত মামুরা গ্রামে আগুন লাগার খবর পাওয়া যায়। দমকল বাহিনী দ্রুত সাড়া দেয় এবং খুব কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানো ও উদ্ধারকাজের জন্য হাইড্রোলিক প্ল্যাটফর্ম, উদ্ধারকারী গাড়ি এবং সাতটি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়।’উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।