ওঙ্কার ডেস্কঃ জেএনইউতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিরুদ্ধে স্লোগান। পালটা তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রতিবাদী পড়ুয়াদের দেশবিরোধী, টুকরে টুকরে গ্যাং-এর সদস্য বলে তোপ দাগার পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, “এটা নরেন্দ্র মোদির ভারত”। পাশাপাশি গিরিরাজ সিং মন্তব্য করেছেন, পাকিস্তানি মানসিকতার ধারক এইসব পড়ুয়ারা দেশদ্রোহী।
দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন সোমবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট। যদিও তাঁদের সঙ্গে জেলবন্দি বাকি ৫ জনকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। খালিদের জামিন খারিজ হওয়ার পর, জেএনইউ ক্যাম্পাসে স্লোগান তোলা হয়, ‘জেএনইউ কী ধরতী পর মোদি-শাহ কী কবর খুদেগী।’ সেই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
এই স্লোগানে ক্ষুব্ধ বিজেপি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “জেএনইউ টুকরে টুকরে গ্যাং, আরজেডি, তৃণমূল, বাম দল ও রাহুল গান্ধীর মতো দেশবিরোধী মানসিকতার লোকের কার্যালয় হয়ে উঠেছে। ওদের মনে রাখা উচিত এটা নরেন্দ্র মোদীর ভারত। বিবেকানন্দ বলেছিলেন গেরুয়া রং-ই থাকবে। আমি এইসব টুকরে টুকরে গ্যাংকে বলতে চাই, যারা উমর খালিদ ও শরজিল ইমামকে সমর্থন করে, যারা পাকিস্তানের মানসিকতায় বিশ্বাস করে, যারা চিকেন নেক আলাদা করার কথা বলে, তাঁরা দেশদ্রোহী।”
