ওঙ্কার ডেস্কঃ আইপ্যাক কান্ডে জল গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্টে। বুধবার হাইকোর্টে আইপ্যাক কান্ডের শুনানি হয়। সেখানে তৃণমূলের দায়ের করা আবেদন খারিজ করে দেয় আদালত। বৃহস্পতিবার ইডির দায়ের করা মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। ফলে আইপ্যাক ইস্যুতে আইনি লড়াইয়ের পরবর্তী অধ্যায় কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
আইপ্যাকে ইডি অভিযানের পরই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিল রাজ্য সরকার। তার পরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ইডি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে মামলাটির শুনানি হবে।
বুধবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানির সময় ইডি-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু স্পষ্ট ভাষায় জানান, প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্যাট কিংবা সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর থেকে ইডি কোনও নথি বা ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করেনি। তাঁর দাবি, যে কাগজপত্র ওই জায়গাগুলি থেকে সরানো হয়েছে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই করা হয়েছে। ইডি যখন কিছু সরায়নি, তালে কী সংরক্ষণ করবে! তারপরই তৃণমূলের মামলা খারিজ করে আদালত।
