ওঙ্কার ডেস্ক: ট্রাকের ধাক্কায় বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত নয় জনের। বৃহস্পতিবার কর্নাটকের চিত্রদুর্গ জেলায় এই ঘটনা ঘটেছে। বাসের ভিতর থেকে উদ্ধার হয়েছে চার জনের পোড়া দেহ। কন্টেইনার ট্রাকটি যিনি চালাচ্ছিলেন, সেই চালকেরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকে নিখোঁজ তিন বাস যাত্রী। বিষয়টি নিয়ে আইজিপি (পূর্ব) বিআর রবিকান্তে গৌড়া বলেন, ‘বাস কোম্পানির কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, চালক এবং সহকারী মিলিয়ে বাসটিতে ৩২ জন ছিলেন। বর্তমানে ২৫ জনকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বাস থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি তিন জনের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি।’ তিনি আরও বলেন, ‘চার যাত্রী এবং ট্রাক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাঁচটি মৃতদেহই সম্পূর্ণ পুড়ে গেছে। মৃতদেহগুলির ডিএনএ পরীক্ষার জন্য এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহত এবং আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ‘চিত্রদুর্গায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।’ তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন। কর্নাটকের প্রশাসনিক প্রধান লিখেছেন, ‘আমি আধিকারিকদের কাছ থেকে ঘটনা সম্পর্কে জেনেছি এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব রকমের সহায়তার নির্দেশ দিয়েছি। দুর্ঘটনার কারণ জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টির তদন্ত করা হবে। আমি আবারও আহতদের দ্রুত আরোগ্য এবং মৃতদের আত্মার শান্তি কামনা করছি।’
