ওঙ্কার ডেস্ক: মাথার ঘাম পায়ে ফেলা কাকে বলে তা বোঝাতে সন্তানদের নিয়ে মুম্বইয়ের ধোবিঘাট পরিদর্শন করলেন এক কোরিয়ান মা। পর্যটক হিসেবে নয় বরং শিক্ষার্থী হিসেবে ওই পরিবারটি ধোবি ঘাট দেখতে যায়। যে ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক নেটিজেন।
পরিবারটি @wonny_brothers নামে একটি ইনস্টাগ্রাম পেজে নিজেদের জীবন এবং ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে। ওই পেজে সম্প্রতি একটি পোস্ট করা হয়ছে। যাতে দেখা গিয়েছে কোরিয়ান মা তাঁর সন্তানদের নিয়ে মুম্বইয়ের ধোবি ঘাটে গিয়েছেন। উদ্দেশ্য, যাতে তারা বুঝতে পারে প্রতিদিনের জীবনে কায়িক পরিশ্রম কেমন হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বইয়ে খোলা আকাশের নীচে লন্ড্রিতে কর্মরত ধোপাদের দেখছে শিশুরা। ধোপারা কাপড় ভিজিয়ে, ঘষে, ভালোভাবে ধুয়ে পাথরের উপর মারছে, এমন দৃশ্য দেখা যাচ্ছে ভিডিওতে। ভালো করে সেটি দেখার পর শিশুরা নিজেরাই কাপড় ধোয়ার চেষ্টা করে। কাছে দাঁড়িয়ে গোটা বিষয়টি দেখেন তাদের মা।
উল্লেখ্য, মুম্বইয়ের ধোবি ঘাট পর্যটন কেন্দ্র হিসেবে বহু মানুষকে আকর্ষণ করে। উনিশ শতক থেকে এটি চালু রয়েছে। বিশ্বের বৃহত্তম লন্ড্রিগুলির মধ্যে একটি মুম্বইয়ের ধোবি ঘাট। প্রতিদিন, হোটেলের লিনেন, হাসপাতালের চাদর এবং গৃহস্থালীর পোশাক-সহ প্রচুর কাপড় ধোয়া, শুকানো এবং ইস্ত্রি করা হয় এই ঘাটে। বহু মানুষ এখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
