ওঙ্কার ডেস্ক: এক কোরিয়ান মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে বিমানববন্দরের কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রিপোর্ট অনুসারে, নির্যাতিতা মহিলা পুলিশের কাছে অভিযোগে বলেছেন, তিনি গত ১৯ জানুয়ারি কোরিয়াগামী একটি বিমানে ওঠার জন্য বিমানবন্দরে ছিলেন। ইমিগ্রেশন প্রক্রিয়ার পর তিনি টার্মিনালের দিকে যখন যাচ্ছিলেন, সেই সময় মহম্মদ আফফান নামে এক পুরুষ কর্মী তাঁর কাছে এসে বিমানের টিকিট দেখতে চান। এরপর ওই কর্মী দাবি করেন, মহিলার লাগেজে সমস্যা হয়েছে। সেটি থেকে একটি বিপ শব্দ হয়েছে। মহিলা অভিযোগে বলেন, আফফান তাঁকে বলে নিয়মিত স্ক্রিনিং কাউন্টারে গেলে যেহেতু সময় লাগবে সেক্ষেত্রে তিনি বিমানটি মিস করতে পারেন। তাই তাঁকে আলাদাভাবে চেক করা দরকার। আর সে কারণে ওই মহিলাকে পুরুষদের শৌচাগারের কাছে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানে কোরিয়ান নারীকে আপত্তিজনক ভাবে স্পর্শ করেন। এমনকি বাধা দিলে আফফান তাঁকে জড়িয়ে ধরে ‘ধন্যবাদ’ বলে চলে যায়।
এই ঘটনার পর হতচকিত হয়ে যান ওই মহিলা। তিনি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের গোটা বিষয়টি জানান। এরপর অভিযুক্তকে তাঁরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে আফফানের জঘন্য কাজটি তদন্তকারীরা দেখতে পায়। তাকে গ্রেফতার করে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
