মাওবাদী ডেরার সন্ধানে বড় সাফল্য বাঁকুড়া পুলিশের। অভিযানে উদ্ধার হল বিপুল আধুনিক অস্ত্র। সূত্রের খবর, বাঁকুড়া জেলা পুলিশের নেতৃত্বে সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশ সারাইকেলা-খরসওয়ান জেলার কুচাই থানার ধলভাঙ্গা ওপি এলাকার রোলাহাটু পাহাড়ে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয় মাওবাদীদের ব্যবহৃত একাধিক অস্ত্র। সূত্রের দাবি, দু’টি INSAS রাইফেল, ১০৩ রাউন্ড গুলি এবং ছ’টি খালি ম্যাগাজিন মিলেছে সেখান থেকে।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর এই অভিযানে নামে পুলিশ। খবর আসে রোলাহাটু পাহাড়ে বিপুল অস্ত্র গচ্ছিত করা হয়েছে। খবর পাওয়া মাত্র শুরু হয় তল্লাশি। পাহাড়ের বিভিন্ন দিক থেকে উদ্ধার হয় আধুনিক অস্ত্র সরঞ্জাম। এরপর ওই একই থানার অন্তর্গত বোরুহাটু ও জামব্রো পাহাড়েও যৌথভাবে অভিযান হয় বলে খবর সূত্রের। যদিও সেখান থেকে তেমন কিছুই উদ্ধার হয়নি।
পুলিশের অনুমান, গোপন অভিযানের আশঙ্কা প্রকাশ করে বোরুহাটু ও জামব্রো পাহাড়ের ডাম্পগুলি অন্যত্র সরিয়ে নিয়েছে মাওবাদীরা। তাই সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও পুরনো ডাম্পের কোনও অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার করা যায়নি। তবে ওই দুই এলাকায় আরও তল্লাশি চালান হবে বলে খবর তদন্তকারী সূত্রে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং সেগুলি কোনও নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না? তা খতিয়ে দেখা হচ্ছে।