ওঙ্কার ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার দিল্লিতে অবতরণ করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুপুর ১২টার কিছুক্ষণ আগে তাঁর বিমান রাজধানীতে নামে। তাঁর সফর ঘিরে কূটনৈতিক মহলে আগ্রহ ছিলই। তার মধ্যেই ভারত-চিন সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল বেজিং।
শনিবার বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার কথা জিনপিংয়ের। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হতে পারে দুই রাষ্ট্রনেতার বৈঠক। চিনের সঙ্গে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত শু ফেইহং শুক্রবার রাতে সমাজমাধ্যমে দুই রাষ্ট্রনেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মোদী ও জিনপিংয়ের মধ্যে ফের দ্বিপাক্ষিক আলোচনা হতে চলেছে। টানা তৃতীয় বছর তাঁদের মুখোমুখি বৈঠক হচ্ছে। এর আগে কাজান এবং তিয়ানজিনে দুই নেতার সাক্ষাৎ হয়েছিল। সেই ধারাবাহিকতাতেই দিল্লিতে ফের বৈঠকে বসছেন তাঁরা। ভারত-চিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী বার্তা দিয়েছেন চিনা রাষ্ট্রদূত। তাঁর বক্তব্য, দুই দেশের শীর্ষ নেতৃত্বের কৌশলগত দিশা মেনে বেজিং ও নয়াদিল্লি একসঙ্গে কাজ করবে।
দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন শু ফেইহং। তাঁর মতে, ভারত ও চিনের মধ্যে যোগাযোগ বাড়বে। একইসঙ্গে সহযোগিতার ক্ষেত্রও আরও বিস্তৃত হবে। তবে দুই দেশের মধ্যে মতপার্থক্য যে রয়েছে, সেটিও অস্বীকার করেননি চিনা রাষ্ট্রদূত। সেই মতবিরোধ যথাযথভাবে সামলে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। চিনা রাষ্ট্রদূত প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়েছেন। পাশাপাশি একে অপরের উন্নতি ও সাফল্যে সহযোগী হওয়ার কথাও বলা হয়েছে।