ওঙ্কার ডেস্কঃ এসআইআর ইস্যুতে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। রবিবার বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। রাজধানীতে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া। এসআইআর-এর কাজে যে বাংলার শাসকদল তৃণমূল একেবারেই খুশি নয়, তা এর আগে পাঁচটি চিঠি লিখে কমিশনারকে বুঝিয়ে দিয়েছেন মমতা। সোমবার বিকেলে কমিশনে গিয়ে নিজে সে বিষয়ে প্রতিবাদ জানাবেন। আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন হবে। দিল্লির কর্মসূচি শেষ করে কলকাতায় ফেরার কথা তাঁর।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সংসদের বাজেট অধিবেশন চলায় এই সময়টাকেই দিল্লি সফরের জন্য বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী, কারণ এই সময়ে প্রায় সব বিরোধী দলের শীর্ষ নেতারাই দিল্লিতে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে যে মুখ্যমন্ত্রী ও মুখ্য নির্বাচন কমিশনারের মধ্যে বৈঠকটি উত্তপ্ত হতে পারে। শনিবার সিইসিকে লেখা মুখ্যমন্ত্রীর কড়া ভাষার চিঠিই সেই ইঙ্গিত দিচ্ছে।
ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন স্পেশাল রোল অবজারভার (এসআরও) ও মাইক্রো-অবজারভার নিয়োগ করা হয়েছে। তাঁর অভিযোগ, এই অবজারভারদের ভূমিকা শুধুমাত্র নজরদারির মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি, বরং তাঁদের অনুমোদনের ক্ষমতাও দেওয়া হয়েছে।
